খোয়াই পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন টিংকু ভট্টাচার্যের বিরুদ্ধে ওঠা সিমেন্ট চুরির অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। বিজেপির সাংবাদিক সম্মেলনের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই পাল্টা সাংবাদিক সম্মেলন করে একাধিক প্রশ্ন তুলে ধরলেন বাম বিধায়ক নির্মল বিশ্বাস। রবিবার বিকেল প্রায় ৩টা নাগাদ সিপিআইএমের খোয়াই জেলা কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তদন্তের পদ্ধতি, তদন্ত কমিটির নিরপেক্ষতা এবং সিমেন্ট পরিবহণের সঙ্গে যুক্ত গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিনা—এসব নিয়ে সরাসরি প্রশ্ন তোলেন তিনি।
এত বড় একটি অভিযোগের ক্ষেত্রে মাত্র একদিনে কীভাবে নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত সম্ভব? প্রশ্ন তুলে জোরালো দাবি করে বলেন, তদন্ত কমিটিতে যাঁরা রয়েছেন, তাঁরা সকলেই খোয়াই ব্লকের অধীনস্থ কর্মচারী। ফলে যে পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাঁর বিরুদ্ধেই একই ব্লকের অধীনস্থ কর্মচারীরা তদন্ত করলে সেই তদন্ত কতটা নিরপেক্ষ হবে—তা নিয়েই প্রশ্ন তুলেছেন বিধায়ক নির্মল বিশ্বাস। “এই তদন্ত কমিটি সম্পূর্ণ ঘরে বসে বানানো হয়েছে, মূলত অভিযোগটিকে মিথ্যা প্রমাণ করার জন্য।” বলে ও অভিযোগ করেছে বিধায়ক
নির্মল বিশ্বাস ।
একদিকে বিজেপির সাংবাদিক সম্মেলনে ওঠা অভিযোগ ও তার ব্যাখ্যা, অন্যদিকে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে বাম বিধায়কের পাল্টা সাংবাদিক সম্মেলন—সব মিলিয়ে খোয়াইয়ের সিমেন্টকাণ্ডে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে।
একই সঙ্গে এই চুরি কাণ্ডের তদন্ত কি সত্যিই নিরপেক্ষ হবে? গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করা হবে কি?
এই প্রশ্নগুলির উত্তরই এখন খুঁজছেন খোয়াইবাসী।
সাংবাদিক সম্মেলনে বাম যুব নেতা পলাশ ভৌমিক সহ সিপিআইএমের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা উপস্থিত ছিলেন।


















