আমেরিকার নিউ ইয়র্কের অনুষ্ঠানে মুসলিমদের নিয়ে প্রশ্ন করা হয়। জবাব দিলেন মোহন ভাগবত। আমেরিকা সফরে গিয়ে ধর্মীয় ঐক্যের বার্তা রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবতের। জানালেন, মানুষে মানুষে কোনও ভেদাভেদ নেই বলেই বিশ্বাস করেন তিনি। মুসলিমদের নিয়ে নিজের অবস্থানও ফের একবার বোঝালেন। শনিবার আমেরিকার নিউ ইয়র্কে আয়োজিত অনুষ্ঠানে এই মন্তব্য করলেন ভাগবত। মুসলিমদের নিয়ে প্রশ্নের উত্তরে বলেন, “নিজেকে হিন্দু বলতে চাইলে বুঝতে হবে, সব রাস্তার গন্তব্য একটাই। প্রত্যেক মানুষের মর্যাদা আছে। মানুষে মানুষে কোনও ভেদাভেদ নেই। নিজের অবস্থান বোঝাতে গিয়ে ভাগবত আরও বলেন, কোন এক জায়গায় আমি ভাষণ দিচ্ছিলাম। মুসলিম ধর্মের অনেকেই ছিলেন সেখানে। ওঁরা আমাকে প্রশ্ন করেছিল: আপনাদের হিন্দু সংগঠন শুধুই হিন্দু রাষ্ট্রের কথা বলেন। তাহলে মুসলিমদের কী হবে? আপনারা কি আমাদের তাড়িয়ে দেবেন? আমি তখন তাদের বলেছিলাম, না, এটা হিন্দুত্ব নয়। কোনও হিন্দু যদি ভাবেন ভারতে মুসলিমদের থাকা উচিত নয়, তাহলে আর হিন্দু থাকেন না তিনি। রাজনীতিতে যুক্ত নয় বলেই RSS নিজের মতো কাজ করতে পারে বলেও দাবি করেন ভাগবত। তাঁর কথায়, রাজনীতিতে RSS সংযুক্ত নেই বলেই ওটা করতে পেরেছিলাম। এসব নিয়ে প্রচার করি না কারণ আমাদের কিছু চাওয়ার নেই। কিছু ফেরত চাই না। আমরা শুধু দিয়ে থাকি। আর কিছু চাই না। আমেরিকায় একগুচ্ছ কর্মসূচি রয়েছে ভাগবতের। RSS-এর শতবর্ষ উপলক্ষেই এই আয়োজন। যদিও এই সফর ঘিরে বিতর্ক ছিল শুরু থেকেই। ভাগবতের এই সফরের বিরোধিতা করে সরব হয়েছিল একাধিক সংগঠনও।




















