Image

টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ যানচালক সহ আমজনতার


চলাচলের অযোগ্য রাস্তা। ক্ষুব্ধ যান চালক থেকে সাধারণ মানুষ। ভুক্তভোগীদের পথ অবরোধ। রাস্তায় টায়ার জ্বালিয়ে শুক্রবার যান চালক সহ আমজনতা পথ অবরোধ করেন। বেহাল রাস্তার এই দৃশ্য দেখা যায় কৈলাসহর শহরের ডাকবাংলো থেকে রাঙ্গাউটি এলাকায়। এই সাত কিলোমিটার রাস্তাটি সাড়ে তিন বছর আগে সংস্কার করা হয়েছিলো। তাতে খরচ হয়েছিলো প্রায় সাত কোটি টাকা।অভিযোগ সংস্কারের ছয় মাস যেতে না যেতেই রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এরপর থেকে রাস্তাটি সংস্কারের জন্য সময়ে সময়ে পথ অবরোধ করেছিল ভুক্তভোগীরা। অবশেষে এক মাস আগে রাস্তা সংস্কার করা হলেও বর্তমানে রাস্তাটি চলাচলের জন্য ফের অযোগ্য হয়ে পড়েছে।চলাচল করতে সমস্যায় পড়ছেন যানবাহন চালক সহ স্থানীয় ব্যবসায়ী ও লোকজন। বাধ্য হয়ে শুক্রবার সকাল থেকে যানবাহন চালক সহ স্থানীয় লোকজন পথ অবরোধ করেন কৈলাশহরের টিলাবাজার এলাকায়।আন্দোলনকারীরা জানান, যতবার রাস্তা অবরোধ করা হয়েছে ততবারই স্থানীয় প্রশাসনের আধিকারিকরা অবরোধস্থলে এসে রাস্তা সংস্কারের আশ্বাস দিলেও কাজের কাজ কিছুই হয় না।তাই বাধ্য হয়ে এদিন ফের অবরোধ করেন তারা। অবরোধের খবর পেয়ে স্থানীয় মহকুমা প্রশাসনের পক্ষ থেকে আধিকারিকরা ও ইরানী থানার পুলিস অবরোধস্থলে আসেন। তারা অবরোধ কারীদের সঙ্গে কথা বললেও আন্দোলনকারীরা সাফ জানিয়ে দেন জেলা শাসক না আসা পর্যন্ত আন্দোলন চলবে। এমনকি ২৪ ঘণ্টার মধ্যে রাস্তার কাজ নাহলে আন্দোলন জারি থাকবে।
রাস্তা অবরোধের ফলে দুই দিকে আটকে যায় যানবাহন। এখন দেখার আন্দোলনের জেরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি পদক্ষেপ নেয়?

Related Posts

Scroll to Top