এবছরের মায়ের গমন অনুষ্ঠান অন্যমাত্রা পেতে চলেছে।দেশ ও দেশের বাইরে মায়ের গমন অনুষ্ঠানকে পৌঁছে দিতে প্রয়াস নিয়েছে তথ্য সংস্কৃতি দপ্তর।এবার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশ-বিদেশের প্রতিনিধিরা। ২৩ অক্টোবর আগরতলায় মায়ের গমন অনুষ্ঠান। রাজধানীর মহারাণী তুলসীবতি স্কুলের সামনে হবে অনুষ্ঠান। মঙ্গলবার সমস্ত প্রস্তুতি খতিয়ে দেখেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব কিরণ গিত্যে সহ অন্যরা। পরে স্কুলের ভেতরে হয় প্রশাসনিক বৈঠক। বৈঠকে অনুষ্ঠানের বিভিন্ন দিক, প্রশাসনিক প্রস্তুতি, যান চলাচল নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।বৈঠকে অংশ নেন তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা।অনুষ্ঠানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কোথায় কোথায় ব্যারিকেড বসানো হবে, কীভাবে মানুষের যাতায়াত নিয়ন্ত্রণ করা হবে এবং কোন পথে যানবাহন চলাচল করবে, সেই বিষয়গুলির ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি, অনুষ্ঠানে পুলিশ প্রশাসনের ভূমিকা এবং নিরাপত্তার দায়িত্ব কীভাবে পালন করা হবে, তা নিয়েও আলোচনা হয়। অন্যদিকে, ‘মায়ের গমন’ অনুষ্ঠান থেকে শুরু করে আগরতলার দশমীঘাটে প্রতিমা নিরঞ্জন পর্যন্ত গোটা প্রক্রিয়াটি যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তার জন্য প্রয়োজনীয় সমন্বয়ের ওপর জোর দেওয়া হয়। প্রতিমা নিরঞ্জনের স্থান দশমীঘাটে মানুষের সমাগম, নিরাপত্তা এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়েও বৈঠকে আলোচনা করা হয়। সচিব কিরণ গিত্যে জানান, এবছর অনুষ্ঠানে দেশ বিদেশের প্রতিনিধিরা আসবেন।
এক কথায় এবছর সবকিছু ঠিক থাকলে অন্যমাত্রা পেতে চলেছে মায়ের গমন অনুষ্ঠান। রাজ্যবাসী আনন্দে মাতোয়ারা হতে মুখিয়ে আছেন এবছরও।
















