সময় ও সত্যের কণ্ঠস্বর

  • হোম
  • বিশ্ব
  • সন্ত্রাসবাদের ফল সবচেয়ে বেশি ভুগছে পাকিস্তান, জানাল সূচক! প্রাক্তন কূটনীতিক বলছেন, ‘কালসাপ পুষলে এমনই হয়’!
Image

সন্ত্রাসবাদের ফল সবচেয়ে বেশি ভুগছে পাকিস্তান, জানাল সূচক! প্রাক্তন কূটনীতিক বলছেন, ‘কালসাপ পুষলে এমনই হয়’!

একটি রিপোর্টে দাবি করা হয়েছে, ২০২৫ সালে সন্ত্রাসবাদের কারণে সবচেয়ে বেশি ভুগেছে পাকিস্তান! ক্ষয়ক্ষতি, হতাহতের পরিসংখ্যানের নিরিখে চলতি বছর এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে। আর তা নিয়ে দেশের অতীতের নীতিকেই দুষেছেন আমেরিকায় পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রদূত হুসেন হাক্কানি। সমাজমাধ্যমে পোস্ট দিয়ে তিনি দাবি করেছেন, নিজের ঘরে কালসাপ পোষার ফল এখন ভুগছে পাকিস্তান।

হাক্কানি এক্স অ্যাকাউন্টে পোস্ট দিয়ে লিখেছেন, ‘‘নিজের বাড়ির পিছনে সাপ রাখলে এই হয়! এক দিন বাড়ির লোকদেরও সেই সাপ কামড়ায়। ৫০ বছর আগে কট্টরপন্থী জিহাদিদের অস্ত্র জুগিয়েছিল। এখন পাকিস্তানই সন্ত্রাসবাদের ফল সবচেয়ে বেশি ভুগছে। কেউ কি শিক্ষা নিতে চায়?’’

ইনস্টিটিউট অফ ইকোনমিকস অ্যান্ড পিস (আইইপি) বলে একটি গবেষক সংস্থা একটি রিপোর্ট প্রকাশ করেছে। কোন দেশে সন্ত্রাবাদে কত জন হতাহত হয়েছেন, কত ক্ষয়ক্ষতি হয়েছে, কত জন পণবন্দি হয়েছেন, তা বিচার করে একটি সূচক প্রকাশ করেছে তারা— ‘গ্লোবাল টেররিজম ইনডেক্স, ২০২৬’। ওই সূচকে শীর্ষে পাকিস্তান। দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিম আফ্রিকার বারকিনা ফাসো। তৃতীয় স্থানে আফ্রিকার নাইজার, চতুর্থ স্থানে নাইজেরিয়া। দশম স্থানে রয়েছে ইজ়রায়েল। একাদশ স্থানে আফগানিস্তান।

ওই রিপোর্ট অনুসারে ২০২৫ সালে পাকিস্তানে সন্ত্রাস হামলা হয়েছে ১,০৪৫টি। নিহত হয়েছেন ১,১৩৯। ২০১৩ সাল থেকে সেই দেশে সন্ত্রাস হামলায় হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে বলে দাবি রিপোর্টে। আইইপির রিপোর্ট বলছে, ২০২৫ সালের রিপোর্টে পাকিস্তানে যত জন সন্ত্রাস হামলায় প্রাণ হারিয়েছিলেন, ২০২৬ সালের রিপোর্টে তার চেয়ে ছয় শতাংশ বেশি প্রাণহানি হয়েছে। ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে সন্ত্রাস হামলার ঘটনা পাকিস্তানে সামান্য কমেছে। ২০২৪ সালে সেই সংখ্যা ছিল ১,০৯৮। ২০২৫ সালে তা হয়েছে ১,০৪৫। তবে পণবন্দি করা হয়েছে অনেক বেশি। ২০২৪ সালে সেই সংখ্যা ছিল ১০১। ২০২৫ সালে পাকিস্তানে পণবন্দি করা হয়েছে ৬৫৫ জনকে। তবে বিশ্বব্যাপী ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে সন্ত্রাস হামলার কারণে মৃতের হার কমেছে ২৮ শতাংশ। সন্ত্রাস হামলার ঘটনা কমেছে ২২ শতাংশ।

পাকিস্তানের পশ্চিমে খাইবার পাখতুনখোয়া সবচেয়ে বেশি ভুক্তভোগী। আইইপির রিপোর্ট বলছে, ২০২৫ সালে গোটা পাকিস্তানে যত সন্ত্রাস হামলার ঘটনা হয়েছে, তার ৭৪ শতাংশ হয়েছে খাইবার পাখতুনখোয়ায়। গোটা দেশে সন্ত্রাসবাদীদের হাতে যত জনের মৃত্যু হয়েছে, তার ৬৭ শতাংশ হয়েছে ওই প্রদেশে। রিপোর্টে ইঙ্গিত, ২০২১ সালে আফগানিস্তানে তালিবান শাসন ফেরার পরে খাইবার পাখতুনখোয়ায় সন্ত্রাস হামলা বেড়েছে। সক্রিয় হয়ে উঠেছে তেহরিক-এ তালিবান পাকিস্তান (টিটিপি)। গত পাঁচ বছর ধরে, পাকিস্তানের সবচেয়ে বিপজ্জনক সন্ত্রাসবাদী সংগঠন হল টিটিপি। ২০২৫ সালে সন্ত্রাস হামলায় যত জনের মৃত্যু হয়েছে সে দেশে, তার ৫৬ শতাংশের জন্য দায়ী টিটিপি। ২০২৫ সালে আখইবার পাখতুনখোয়ায় ৫৯৫টি হামলা চালিয়েছে তারা।

Related Posts

Scroll to Top