বন্ধন স্নেহের বন্ধন। এই বার্তায় রাখি বন্ধন উৎসবে শামিল দিনভর দায়িত্ব ও কর্তব্য পালনে অবিচল পুলিস কর্মীরা। তাদের সঙ্গে উৎসবে অংশ নেয় সাধারণ মানুষ ও পড়ুয়ারা। শুক্রবার রাখি বন্ধন উৎসবের দিনে এই ছবি ধরা পড়ল শান্তিরবাজার থানায়। এই উৎসবের মধ্য দিয়ে তৈরি হয় স্নেহ, বিশ্বাস, সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতির এক অটুট বন্ধন। এদিন শান্তিরবাজার থানার মহিলা পুলিশ কর্মীরা থানার পুরুষ পুলিশ কর্মীদের হাতে রাখি পরিয়ে দেন। কর্মব্যস্ত পুলিশ জীবনের মধ্যেও উৎসবের এই মুহূর্তে সহকর্মীদের মধ্যে দেখা যায় আন্তরিকতা ও আনন্দের পরিবেশ। একে অপরের হাতে রাখি পরিয়ে দিয়ে সকলেই সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করার বার্তা দেন। শুধু পুলিশ কর্মীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না এদিনের আয়োজন। বিভিন্ন সামাজিক সংগঠন কলেজ পড়ুয়া সহ সমাজের বিভিন্ন পেশার মানুষ এতে শামিল হন। রাখি বন্ধনের এই আয়োজনের মধ্য দিয়ে পুলিশ প্রশাসন ও সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির সম্পর্ক আরও দৃঢ় করার একটি সুন্দর বার্তা উঠে আসে। উপস্থিত ছিলেন শান্তিরবাজার মহকুমা পুলিশ আধিকারিক, শান্তিরবাজার থানার ওসি সহ অন্যরা।
রাখি পরানোর পাশাপাশি উপস্থিত সকলেই একে অপরকে রাখি বন্ধনের শুভেচ্ছা জানান। শেষে অনুষ্ঠানে উপস্থিত সকলের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।


















