আগরতলা শহরে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থা গড়ে তুলতে শুক্রবার নাগেরজলা বাসস্ট্যান্ডে জনসচেতনতা কর্মসূচী। ট্রাফিকের উদ্যোগে হয় এই সচেতনতা কর্মসূচী। উপস্থিত ছিলেন ট্রাফিক এস পি কান্তা জাহাঙ্গীর সহ ট্রাফিকের অন্য আধিকারিকরা। এতে অংশ নেন অটো, থ্রি-হুইলার, বাস, জিপ সহ অন্যান্য যানবাহনের চালক ও মালিকরা। ট্রাফিক এস পি জানান, শহরে যানজট মুক্ত ও নিরাপদ যাতায়াত ব্যবস্থা গড়তে সকলের সহযোগিতা প্রয়োজন। ট্রাফিক নিয়ম মেনে চলা, নির্ধারিত স্থানে গাড়ি পার্কিং, অতিরিক্ত যাত্রী না নেওয়া বিষয় গুলির উপর গুরুত্ব আরোপ করেন তিনি।এস পি আরও বলেন, দুর্গাপূজাকে সামনে রেখে শহরে যানবাহনের চাপ বাড়বে। তাই এখন থেকেই সকলকে সচেতন হতে হবে। চালক ও মালিকরাও তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। ট্রাফিক দপ্তরের পক্ষ থেকে সকল সমস্যা গুরুত্ব সহকারে দেখা হবে বলে আশ্বাস দেওয়া হয়।
জনসাধারণের মধ্যে ট্রাফিক সচেতনতা বাড়াতে এই ধরনের শিবির আগামী দিনেও জারি থাকবে বলে জানিয়েছে ট্রাফিক দপ্তর।



















