• হোম
  • জেলার খবর
  • মুখোমুখি দুই ছাত্র সংগঠন, তালাবন্দী অধ্যক্ষ ঘেরাও মুক্ত সাড়ে তিন ঘণ্টা পর…
Image

মুখোমুখি দুই ছাত্র সংগঠন, তালাবন্দী অধ্যক্ষ ঘেরাও মুক্ত সাড়ে তিন ঘণ্টা পর…

মুখোমুখি দুই ছাত্র সংগঠন। কৈলাশহর রামকৃষ্ণ মহাবিদ্যালয় চত্বরে উত্তেজনা। অভিযোগ পাল্টা অভিযোগ। তালাবন্দী কলেজের অধ্যক্ষ। বুধবার তিপ্রা মথার ছাত্র সংগঠনের তরফে কলেজের অধ্যক্ষের কাছে ডেপুটেশন দেওয়ার আগাম অনুমতি ছিল। কলেজের বিভিন্ন সমস্যা নিয়েই তাদের ডেপুটেশন। টি আই এস এফের সঙ্গে তিপ্রা মথার যুব ও সংখ্যালঘু সংগঠনের প্রতিনিধিরা আসে। অভিযোগ কলেজের গেটের সামনে তারা আসতেই বাধা দেয় এ বি ভি পি’র ছাত্র সংগঠনের প্রতিনিধিরা। অভিযোগ খোদ পুলিসের সামনে এ বি ভি পি’র কর্মীরা গেটের তালা আটকে বিক্ষোভ দেখাতে থাকে। স্লোগান দিতে থাকে তিপ্রা মথা গো ব্যাক। বলা চলে দুই ছাত্র সংগঠনের প্রতিনিধিরা সম্মুখ সমরে। এর পর নিরাপত্তা বাহিনী টি আই এস এফ’র প্রতিনিধিদের কর্ডন করে অধ্যক্ষের রুমে নিয়ে যায়। সেখানে অধ্যক্ষের কাছে টি আই এস এফ’র প্রতিনিধিরা স্মারকলিপি পেশ করে। ডেপুটেশন শেষে টি আই এস এফ’র প্রতিনিধিদের নিরাপত্তা বেষ্টনীর মধ্যে ফের কলেজ চত্বর থেকে বাইরে নিয়ে আসে পুলিস। সংগঠনের জেলা সভাপতি অনুকুল দেববর্মা অভিযোগ করেন এ বি ভি পি’র নামে কিছু দুর্বৃত্ত তাদের বাধা দিয়েছে।


এদিকে টি আই এস এফ ডেপুটেশন দিয়ে কলেজ থেকে চলে যাবার পর এ বি ভি পি-র সদস্য-সদস্যারা অধ্যক্ষের রুমে ঢুকে ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন শুরু করে। পরবর্তী সময়ে কলেজ অধ্যক্ষকে রুমের ভিতর রেখে তালাবন্দী করে বিক্ষোভ প্রদর্শন শুরু করে। সংগঠনের জেলা সংযোজক অংকন পাল অভিযোগ করেন, এন এস ইউ আই এবং এস এফ আই-র কর্মীরা ত্রিপ্রা মথা সেজে কলেজে এসে এ বি ভি পি-র সদস্যাদের সঙ্গে অশ্লীল আচরণ করেছে। তাদের অভিযোগ পুলিস প্রশাসন ও কলেজের অধ্যক্ষ নীরব ভূমিকায় ছিল। এর প্রতিবাদ জানিয়ে সুরাহা দাবি জানান।


ঘটনাকে কেন্দ্র করে কলেজ চত্বরে উত্তেজনা ছড়ায়। মোতায়েন করা হয় প্রচুর নিরাপত্তা কর্মী। এদিকে সমস্ত বিষয়টি দেখার আশ্বাস দেওয়ায় প্রায় সাড়ে তিন ঘণ্টা পর ঘেরাও মুক্ত হন অধ্যক্ষ।

Related Posts

Scroll to Top