রাজপথে তুমুল বিক্ষোভ সিপিএম’র। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের গাড়িতে হামলার প্রতিবাদে বিক্ষোভ। রবিবার বামুটিয়ার কালিবাজারে প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে থাকে দুর্বৃত্তরা। তুমুল উত্তেজনা ছড়ায় সেখানে। প্রতিরোধ গড়ে তুলে বাম যুব কর্মীরাও। পুলিস- সি আর পি এফ বিক্ষোভকারীদের হটিয়ে মানিক সরকারকে গন্তব্যে যেতে সাহায্য করে। অভিযোগ ফেরার পথে মানিক সরকারের গাড়ি লক্ষ্য করে ডিম ছোঁড়া হয়। প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি আটকে বিক্ষোভ দেখানোর প্রতিবাদে আগরতলায় গর্জে উঠলো সিপিএম। রবিবার বিকেলে ঘটনার প্রতিবাদ জানিয়ে শহরে বিক্ষোভ মিছিল করে সিপিএম সদর মহকুমা কমিটি। এদিন মেলারমাঠ থেকে মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলের নেতৃত্ব দেন সিপিএম পশ্চিম জেলা সম্পাদক রতন দাস, সদর মহকুমা সম্পাদক অমল চক্রবর্তী, সিপিএম নেতা শুভাশিস গাঙ্গুলি, সমর চক্রবর্তী, যুব নেতা নবারুন দেব, পলাশ ভৌমিক সহ অন্যরা। মিছিল থেকে দাবি জানানো হয় অভিযুক্ত দুর্বৃত্তদের গ্রেপ্তারের।




















