ময়নাতদন্ত ছাড়াই অ্যাসিড পানে মৃত মহিলার দেহ পরিবারের হাতে তুলে দিল চিকিৎসক। অবশেষে এলাকাবাসীর চাপে রবিবার ময়নাতদন্ত হয় মৃত মহিলার সাব্রুম মহকুমা হাসপাতালে। ঘটনায় চাঞ্চল্য। সাব্রুম কাঁঠালছড়ি এলাকার বাসিন্দা লক্ষ্মী দেবনাথ। বয়স আনুমানিক ৭০ বছর। অভিযোগ পুত্র বধূর হাতে তিনি নির্যাতনের শিকার। ঘটনার সুবিচারের জন্য গ্রাম প্রধানের কাছে যান মহিলা শনিবার বিকেলে। অভিযোগ জানিয়ে বাড়ি আসার পর ফের ছোট ছেলের স্ত্রী মারধর করে বলে অভিযোগ। এর পরই বৃদ্ধ মহিলা অ্যাসিড পান করেন। সঙ্গে সঙ্গে মহিলাকে সাব্রুম মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।চিকিৎসক তখন পরীক্ষা নিরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। অভিযোগ এর পর ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। পরিবারের লোকজন দেহ নিয়ে বাড়ি চলে আসেন। ঘটনা জানাজানি হতেই এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ছড়ায়।কেন ময়নাতদন্ত ছাড়া দেহ দেওয়া হল এর সুষ্ঠু তদন্ত চাইছেন স্থানীয়রা।
ঘটনা জানতে পেরে ছুটে আসেন সাব্রুম থানার পুলিস। মৃতদেহ ফের বাড়ি থেকে হাসপাতালের মর্গে নিয়ে যায় পুলিস ময়না তদন্তের জন্য। সাব্রুম থানার এক পুলিস আধিকারিক জানান, চিকিৎসক ময়না তদন্ত ছাড়া মৃতদেহ তুলে দেয় পরিবারের কথাতেই। তবে তিনি জানান মৃত মহিলার পরিবারের তরফে কোন অভিযোগ জমা পড়েনি।
পুরো ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। দাবি উঠেছে মহিলার মৃত্যুর কারণ ও ময়নাতদন্ত ছাড়াই দেহ ফিরিয়ে দেওয়ার ঘটনার সুষ্ঠু তদন্তের। এদিকে গ্রামাঞ্চলের কিছু মানুষ যে এখনও কুসংস্কারের আছন্ন তা ফের বেরিয়ে এল। বৃদ্ধ মহিলা আত্মহত্যা করায় সেই দেহ নাকি এলাকায় কবর দেওয়া যাবে না বলে জানিয়ে দেয়। তারা জানায় মহাশ্মাশানে নিয়ে কবর দেওয়ার জন্য।এনিয়ে সচেতন মহলে উঠছে প্রশ্ন।


















