পূর্বতন সরকারের সময়ে কর্মচারীদের কাছ থেকে চাঁদা নেওয়া হতো। কিন্তু বি জে পি আসার পর কেউ বলতে পারবে না কর্মচারীদের কাছ থেকে চাঁদা নেওয়া হয়। সোমবার এই দাবি করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
বাম জমানায় বাজার গুলিতে কি ধরণের রাজনীতি করা হয়েছে তা সকলের জানা। পূর্বতন সরকারের সময়ে মিছিলের লাইন লম্বা করার জন্য মানুষকে বোকা বানিয়ে রাখা হতো।সোমবার রাজধানীর মহারজগঞ্জ বাজারে এক কর্মসূচীতে যোগ দিয়ে এই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।তিনি প্রশ্ন ছুঁড়ে দেন ৩৫ বছর কি উন্নয়ন করেছে বামেরা? বিভ্রান্তি ছড়ানোর বিরাট মাস্টার ছিল বামেরা। পূর্বতন সরকারের সময়ে বাজারগুলিতে যে সংস্কৃতি ছিল এর থেকে বেরিয়ে আসতে হবে।
মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা এদিন দাবি করেন, ভারতবর্ষের মধ্যে ত্রিপুরায় একমাত্র রাজ্য যেখানে ১০০ শতাংশ মানুষ প্রধানমন্ত্রী- মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনার আওতায় এসেছেন। তিনি বলেন যাদের কথা কেউ কোনদিন ভাবেনি, তাদের জন্য বিশ্বকর্মা যোজনা চালু করেছেন প্রধানমন্ত্রী। ২৫ কোটি মানুষকে দারিদ্রসীমার উপরে উঠিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দেশজুড়ে চলছে সেবা সংকল্প অভিযান। ১৭ অক্টোবর পর্যন্ত চলবে এই সেবা সংকল্প অভিযান। এরই অঙ্গ হিসেবে এদিন কর্মসূচী হাতে নিল মহারাজগঞ্জ বাজার মৎস্য ব্যবসায়ী সমিতি। মৎস্য ব্যবসায়ী সমিতির তরফে হয় রক্ত ও বস্ত্র দান শিবির।
















