বর্তমানে ত্রিপুরাতে রাজনৈতিক খুন হয় না। কমিউনিস্টের আমলে ত্রিপুরায় রাজনৈতিক খুন হতো। রবিবার রাজধানীর রবীন্দ্র ভবনে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠানে একথা বললেন সাংসদ তথা ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিপ্লব কুমার দেব। সম্প্রতি বিজেপি’র সর্বভারতীয় সাধারণ সম্পাদকদের নাম ঘোষণা করা হয়। এতে জায়গা পেয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম লোকসভা আসনের সাংসদ বিপ্লব কুমার দেব। সাধারণ সম্পাদক হওয়ার পর রবিবার রাজ্যে আসেন সাংসদ বিপ্লব কুমার দেব। উনাকে এম বি বি বিমানবন্দরে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিজেপি-র ত্রিপুরা প্রদেশ সভাপতি সহ অসংখ্য নেতা- কর্মী। বিমানবন্দরের সামনে থেকে উনাকে র্যালি করে রাজধানীর রবীন্দ্র ভবনে নিয়ে আসেন কর্মী- সমর্থকরা। সেখানে নব নিযুক্ত সাধারণ সম্পাদককে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপনের ব্যবস্থা করা হয় দলের তরফে। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায় সহ অন্যরা। আলোচনা করতে গিয়ে বি জে পি’র নবনিযুক্ত সাধারণ সম্পাদক বিপ্লব কুমার দেব বলেন, বিপ্লব দেব নেতা প্রতিষ্ঠিত হয়ে মুখ্যমন্ত্রী হননি। বিপ্লব দেব মানুষের আশীর্বাদে মুখ্যমন্ত্রী হয়েছেন। মোদী সরকার ২০১৪ সালে ক্ষমতায় আসার পর এই ঢেউ ত্রিপুরাতে এসে পৌঁছেছিল। এর পরিণাম স্বরূপ ২০১৮-তে ত্রিপুরায় বিজেপি সরকার। তিনি দাবি করেন বর্তমানে বিজেপি শাসনে ত্রিপুরায় রাজনৈতিক খুন হয় না। কমিউনিস্টের আমলে ত্রিপুরায় রাজনৈতিক খুন হতো।


















