যাদের হাত ধরে জীবনের ১২ টি বছর শিক্ষা গ্রহণ করেছেন, সেই মহান শিক্ষকদের সম্মান জানাতে ব্যতিক্রমী অনুষ্ঠান। একই সঙ্গে হয় পুনর্মিলন উৎসব। সত্যিই রবিবার ব্যতিক্রম এই অনুষ্ঠান দেখা গেল রাজধানীর বড়দোয়ালি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে।এই স্কুল থেকে ১৯৯৮ সালে মাধ্যমিক ও ২০০০ সালে যারা উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়েছেন, তারা বর্তমানে নিজ নিজ জায়গায় প্রতিষ্ঠিত। বিভিন্ন পেশায় যুক্ত। কিন্তু জীবনের বড় সময় যে স্কুলে থেকে পঠন-পাঠন করেছেন, সেই স্কুল শুধু নয়, তখনকার সময় যারা শিক্ষক ছিলেন তাদেরও স্মরণে রেখেছেন প্রাক্তন ছাত্র- ছাত্রীরা। আর তাই তো দীর্ঘ বছর পরেও শিক্ষক দিবস উপলক্ষে এবছর প্রাক্তন শিক্ষক- শিক্ষিকাদের সম্মাননা জানানোর প্রয়াস নেয় প্রাক্তন পড়ুয়ারা। যা কিনা সত্যি শিক্ষক- শিক্ষিকাদের প্রতি ছাত্র ছাত্রীদের শ্রদ্ধা,সম্মান জানানোর এক দৃষ্টান্ত বর্তমান সময়ে। এদিন বড়দোয়ালি দ্বাদশ স্কুলের কৃষ্টি ভবনে হয় শিক্ষক শিক্ষিকাদের সম্মাননা অনুষ্ঠান। প্রাক্তন ছাত্র ছাত্রীরা উত্তরীয়-স্মারক দিয়ে প্রবীণ শিক্ষক-শিক্ষিকাদের সংবর্ধিত করেন। অনুষ্ঠানের সূচনা করেন স্কুলের সেই সময়ের প্রধান শিক্ষক যৌগেন চন্দ্র দাস। উপস্থিত ছিলেন অন্যান্য প্রবীণ শিক্ষক- শিক্ষিকারা। প্রবীণ শিক্ষক শিক্ষিকাদের একত্রিত করে পূর্ণ সম্মাননা জানানোই ছিল মূল উদ্দেশ্য। জানালেন প্রাক্তন ছাত্র রাজীব ঘোষ।
এদিন প্রাক্তন শিক্ষক-শিক্ষিকাদের সংবর্ধনা জানানোর পর দ্বিতীয় পর্যায়ে হয় পুনর্মিলন উৎসব। দুটি অনুষ্ঠান ঘিরে স্কুল চত্বরে ছিল সকলের মধ্যে ব্যাপক উৎসাহ।
















