আসন্ন পুর ও নগর নির্বাচন কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী দিয়ে করানোর দাবি বামেদের। ভোট কেন্দ্র গুলিতে নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী দেওয়ার দাবি মুখ্যমন্ত্রীর কাছে জানালেন ৫ বাম দলের নেতৃত্ব। সম্ভবত চলতি বছরের নভেম্বর মাসের শেষের দিকে হতে যাচ্ছে আগরতলা পুর নিগম সহ রাজ্যের ২১ টি পুর ও নগর সংস্থার নির্বাচন। উৎসবের পরেই রাজনৈতিক দল গুলি ময়দানে নেমে পড়বে। এই অবস্থায় বিগত নির্বাচন গুলির কথা মাথায় রেখে সি পি আই এম সহ পাঁচ বাম দল বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার সঙ্গে সাক্ষাৎ করেন। তারা নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন। পরে দুপুরে মেলারমাঠ সি পি এম রাজ্য দপ্তরে সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন বাম নেতৃত্ব। সাংবাদিক সম্মেলনে বামফ্রন্টের আহ্বায়ক মানিক দে সাক্ষাৎকারের বিষয় ধরতে গিয়ে জানান, নির্বাচনের সাত দিন আগে থেকে নিরাপত্তা বাহিনীর টহলদারির ব্যবস্থা করতে হবে যাতে সাধারণ ভোটারদের মধ্যে কোনো ভয়ের পরিবেশ না থাকে। সরকার ও কমিশনকে ভূমিকা নিতে হবে যাতে ভোটাররা ভয়মুক্ত পরিবেশে ভোটদান করতে পারেন। তিনি আরও বলেন, সব দল যাতে প্রচারে সম্মান সুযোগ পায় সেটা কমিশন ও সরকার যাতে দেখে। এটা যাতে নিশ্চিত করা হয়। প্রার্থীরা যাতে প্রচার করতে পারেন সেই নিরাপত্তা নিশ্চিত করতে হবে।এসব বিষয় মুখ্যমন্ত্রীর দৃষ্টিতে নেওয়া হয়েছে।
এদিন মুখ্যমন্ত্রী ইতিবাচক সাড়া দিয়েছেন বলে দাবি বাম দলের নেতৃত্বের। মুখ্যমন্ত্রী কোনো বিষয়ে দ্বিমত প্রকাশ করেননি। এখন দেখার নির্বাচন ঘোষণার পর পরিস্থিতি কোনদিকে গড়ায়? তবে সকলেই চায় অবাধ সুষ্ঠু নির্বাচন।
















