দ্বিতল পাকা ভবন পাবে পুর নিগমের ২৭ নম্বর ওয়ার্ড। শুক্রবার এর ভূমি পূজন হয় মেয়রের উপস্থিতিতে।
আগরতলা পুর নিগমের যেসব ওয়ার্ড অফিসের স্থায়ী ঠিকানা ছিল না, সেগুলি নতুন ভাবে তৈরি করছে বর্তমান আগরতলা পুর নিগম।পর্যায়ক্রমে সেসব অফিস তৈরি করা হচ্ছে। শুক্রবার এক অনুষ্ঠানে মাধ্যমে পুর নিগমের ২৭ নম্বর ওয়ার্ড অফিসের ভূমি পূজন হয়। পূর্ব আড়ালিয়ায় এই অফিস বাড়িটি তৈরি হবে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটররা। মেয়র এদিন আলোচনা করতে গিয়ে বলেন রাজ্যে বি জে পি সরকার ক্ষমতায় আসার পর সর্বত্র উন্নয়ন কাজ শুরু হয়। কিন্তু আগরতলা শহরে কাজের গতি ছিল না। কারণ তখন পুর নিগম ছিল সিপিএম-র অধীনে। পাশাপাশি তিনি জানান কিছুদিনের মধ্যেই নির্মাণ কাজ শুরু হবে।
প্রায় ৪০ লাখ টাকা ব্যয়ে গড়ে উঠবে এই দ্বিতল ওয়ার্ড অফিস। অফিস বাড়িটি তৈরি হলে এলাকার মানুষের সমস্যা সমাধানে কাজের গতি আরও বাড়বে এবং উন্নয়ন কাজ দ্রুত এগিয়ে যাবে।
















