শান্তিপূর্ণভাবে ভিলেজ কমিটির নির্বাচন সম্পন্ন হবে। বুধবার খোয়াই সফরে গিয়ে এই আশাব্যক্ত করলেন রাজ্য নির্বাচন কমিশনার প্রদীপ কুমার চক্রবর্তী।
এ ডি সি ভিলেজ কমিটি নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে বুধবার খোয়াই জেলায় যান রাজ্য নির্বাচন কমিশনার পি কে চক্রবর্তী। তিনি খোয়াই মহকুমার তুলাশিখর ও পদ্মবিল ব্লকের প্রস্তুতি দেখেন। উনার সঙ্গে ছিলেন খোয়াই জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক, দুই ব্লকের রিটার্নিং অফিসার সহ পুলিস আধিকারিকরা। নির্বাচন কমিশনার এদিন প্রথমে পদ্মবিল এবং পরবর্তীতে তুলাশিখরের ভারত সর্দার উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে পৌঁছে নির্বাচনী দায়িত্বে থাকা ভোট কর্মীদের ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণের কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে ভোটগ্রহণের সার্বিক প্রস্তুতি, কর্মীদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থার খোঁজখবর নেন আধিকারিকরা।এরপর বিদ্যালয় চত্বরে থাকা স্ট্রং রুম পরিদর্শন করেন। পাশাপাশি পরিদর্শন করেন গণনা কেন্দ্রও।কমিশনার আশাব্যক্ত করেন, নির্বিঘ্নেই সম্পন্ন হবে ভিলেজ কমিটির ভোট।
২৮ সেপ্টেম্বর হতে চলেছে ভিলেজ কমিটির ভোট গ্রহণ। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ইতিমধ্যেই জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একাধিক প্রস্তুতি নেওয়া হয়েছে।

















