তরুণ প্রজন্মের মধ্যে স্বপ্ন রয়েছে কিছু একটা করার। রয়েছে তাদের মধ্যে মানসিকতাও। এই শক্তি ও উদ্যমকে সামাজিক ভাবে কাজে লাগাতে পারলে সমাজ আরও সুন্দর – মানবিক হবে। শনিবার রাজধানীর ধলেশ্বর রামকৃষ্ণ মিশনে রক্তদান শিবিরে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। ১৮৯৩ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকার শিকাগোতে ভাষণ দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। স্বামীজি’র সেই ঐতিহাসিক শিকাগো ভাষণের স্মরণে সামাজিক কর্মসূচী নিল আগরতলা ধলেশ্বরস্থিত রামকৃষ্ণ মিশন। শনিবার এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ধলেশ্বর রামকৃষ্ণ মিশনের সভাপতি সহ বিশিষ্টজনেরা। আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বিভিন্ন বিষয় তুলে ধরেন। তিনি বলেন, রাজ্যে ইতিমধ্যে কিডনি ট্রান্সপ্ল্যান্ট হয়েছে। হার্ট প্রতিস্থাপনেরও চেষ্টা আছে। বর্তমানে অনেকে অর্থের বিনিময়ে কিডনি ট্রান্সপ্ল্যান্ট করে। তিনি বলেন একটা সময় আসবে কিডনি- হার্ট প্রতিস্থাপনে মানুষ নিঃস্বার্থ ভাবে এগিয়ে আসবে স্বেচ্ছা রক্তদানের মতো। ব্লাড ব্যাঙ্কে রক্ত থাকা খুব প্রয়োজন। বর্তমানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে রক্ত দিতে প্রস্তুত।
এদিন রক্তদান শিবির ঘিরে বেশ সাড়া পড়ে। রক্তদাতদের উৎসাহ দেন মুখ্যমন্ত্রী সহ অন্যরা।
















