মেধা,জ্ঞান,দক্ষতা ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে আধুনিক ও সমৃদ্ধ ত্রিপুরা গড়ে তোলার জন্য ইঞ্জিনিয়ারদের কাছে আহ্বান রাখলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। প্রতিবছর বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে রাজ্যে ইঞ্জিনিয়ার্স দিবস উদযাপন করা হয়ে থাকে। এবছরও এর ব্যতিক্রম নয়। মঙ্গলবার ৫৯ তম ইঞ্জিনিয়ার্স দিবসে আগরতলা প্রজ্ঞা ভবনে হয় সেমিনার।পূর্ত দপ্তর এবং দ্য ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স ত্রিপুরা স্টেট সেন্টারের উদ্যোগে হয় সেমিনার।সহযোগিতায় ছিল রাজ্যের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং সার্ভিস অ্যাসোসিয়েশন, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, মুখ্য সচিব জে কে সিনহা, সচিব কিরন গিত্যে, অভিষেক সিং সহ সংশ্লিষ্ট আধিকারিক ও বাস্তুকাররা। আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে অনেক ভালো ভালো প্রতিভাবান ইঞ্জিনিয়ার রয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, আরও বেশি করে কাজ করতে পারলে এক ত্রিপুরা নতুন ত্রিপুরা তৈরি করা যাবে। তিনি প্রসঙ্গক্রমে বলেন ত্রিপুরায় বাড়ছে নবীকরণযোগ্য শক্তির ব্যবহার।
মুখ্যমন্ত্রী আরও বলেন, ইঞ্জিনিয়ারদের কারণেই ক্যাবিনেট থেকে ত্রি-স্তরীয় পঞ্চায়েত স্তর পর্যন্ত ই-অফিস চালু হয়েছে। কাগজবিহীন প্রশাসন। পঞ্চায়েত স্তর পর্যন্ত ই-অফিস ভারতে আর কোথাও হয়নি।
এদিন কর্মদক্ষতার জন্য বেশ কয়েকজন ইঞ্জিনিয়ারকে সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি হয় রক্তদান শিবিরও।
















