Image

অন্য মেজাজে অন্নদাতাদের মিছিল দেখলো আগরতলা!

রাজপথে অন্নদাতারা। এক দিনের জন্য অধিকার আদায়ের দাবিতে কৃষি জমি ছেড়ে রাজধানীর রাজপথে অন্নদাতা কৃষকরা। শুধু অন্নদাতারাই নয়, জুমিয়ারাও পথে নেমে আসেন। সকলের গন্তব্য রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দান। সেখানেই হয় সারা ভারত কৃষকসভার ২২ তম রাজ্য সম্মেলনের প্রকাশ্য সমাবেশ। কৃষি বাঁচাও কৃষক বাঁচাও দেশ বাঁচাও স্লোগানে মঙ্গলবার আগরতলা শহরের বিভিন্ন দিক থেকে মিছিল শুরু হয়। শহরের বিভিন্ন দিক থেকে আসা মিছিলে ছিলেন পুরুষদের পাশাপাশি নারীরাও। নজর কেড়েছে বেশি রাধানগরের দিক থেকে আসা জুমিয়া-কৃষকদের মিছিল। মিছিলে উপজাতি মহিলারা আনন্দে নেচে সমাবেশের দিকে এগিয়ে আসেন। অন্য মেজাজে থাকা এক একটি মিছিল দেখলে মনে হবে এ যেন বাঁধ ভাঙা উচ্ছ্বাস।   চতুর্দিক থেকে আসা স্লোগান সোচ্চার মিছিল বিভিন্ন পথ ঘুরে স্বামী বিবেকানন্দ ময়দানের অভিমুখে রওয়ানা হয়। মিছিলগুলি যখন ময়দানে ঢুকছিল তখন দেখলে মনে হয়েছে এ যেন লালস্রোত প্রবেশ করেছে। মিছিল মাঠে ঢুকতেই কানায় কানায় ভরে যায় স্বামী বিবেকানন্দ ময়দান। অনেক দিন পর স্বামী বিবেকানন্দ ময়দানে বাম কোনো সংগঠনের সমাবেশ দেখল শহর আগরতলা। রাজনৈতিক মহলের মতে আসন্ন এ ডি সি ভিলেজ কমিটি কিংবা চলতি বছরের শেষে পুর নগর নির্বাচনের আগে অন্য বার্তা দিয়ে রাখলো বামেরা। তবে বামেরা আসন্ন নির্বাচন গুলিতে কতটুকু প্রভাব ফেলতে পারে তা সময়ই বলবে বলে অভিমত রাজনৈতিক মহলের।  

Related Posts

Scroll to Top