সরকার চায় মহিলাদের ক্ষমতায়ন। সরকার এর উপর জোর দিয়েছে। মহিলাদের উন্নয়ন সরকারের অগ্রাধিকার। একটা নিরাপদ মর্যাদাপূর্ণ আত্মনির্ভর জীবনের সুযোগ দেওয়া। রবিবার রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।এদিন অগ্নি নির্বাপণ জরুরি পরিষেবা অধি দপ্তর ও দক্ষতা উন্নয়ন অধি দপ্তরের উদ্যোগে হয় অনুষ্ঠান। অগ্নি নির্বাপণ জরুরি পরিষেবা দপ্তরের অধীন ১৬ জন ড্রাইভারের হাতে অফার লেটার দেওয়া হয়। এদিন মুখ্যমন্ত্রী ৫ জনের হাতে অফার লেটার তুলে দেন। এছাড়াও ভার্চুয়ালি সাব্রুমের মনু বনকুল ফায়ার স্টেশনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। অনুষ্ঠানে দক্ষতা উন্নয়ন অধি দপ্তরের অধীনে ৩৮০ প্রশিক্ষিত মহিলার হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। তাদের দুই হাজার টাকা করে স্টাইপেণ্ডও দেওয়া হয়েছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন শিল্প ও বানিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, শিল্প ও বানিজ্য দপ্তরের সচিব কিরন গিত্যে সহ সংশ্লিষ্ট আধিকারিকরা। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বিভিন্ন বিষয় তুলে ধরেন। তিনি বলেন, প্রতিটি মানুষের উন্নয়ন করা,প্রতিটি বাড়িতে যেন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় সেই চেষ্টা রয়েছে সরকারের। এতে করে নতুন ত্রিপুরা নতুন ভারত তৈরির কাজ আগামী দিনে করা যাবে। তিনি বলেন চাকরির আরও সুযোগ রয়েছে শুন্যপদগুলি পূরণের জন্য অর্থমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে।
এদিন যারা অফার লেটার ও সেলাই মেশিন পেয়েছেন তাদের মধ্যে খুশির হাওয়া পরিলক্ষিত হয়।
















